সোমবার, ১৬ নভেম্বর ২০২৬  |  বরিশাল
এইমাত্র
পিরোজপুর

পিরোজপুর উপজেলা পরিষদের ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

পঞ্চম তলার নির্মাণকাজের প্রস্তুতি হিসেবে ভবনের চারপাশে সেফটি নেট স্থাপনের কাজ চলছিল। সেই কাজ করতে গিয়েই প্রাণ গেল এক নির্মাণশ্রমিকের। পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদের নতুন ভবনের চারতলা থেকে পড়ে মো. জসিম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, সেফটি নেট তৈরির কাজ করলেও শ্রমিকের শরীরে ছিল না সেফটি বেল্ট।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলা পরিষদের নতুন ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম পাশের কাউখালী উপজেলার বাসিন্দা মো. ইদ্রিস আলীর ছেলে।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নেছারাবাদ উপজেলা পরিষদের নতুন চারতলা ভবনের পঞ্চম তলা নির্মাণের কাজ পেয়েছে পটুয়াখালীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কে কে এন্টারপ্রাইজ। পঞ্চম তলার নির্মাণকাজ শুরুর প্রস্তুতি হিসেবে ভবনের চারপাশে সেফটি নেট স্থাপনের জন্য লোহার অ্যাঙ্গেল ঝালাইয়ের কাজ চলছিল।

শুক্রবার রাতে ভবনের পূর্ব পাশে টিনের শেডের ওপর বসে পাশের লোহার অ্যাঙ্গেলে ঝালাইয়ের কাজ করছিলেন জসিম। এ সময় হঠাৎ টিনের শেড ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠান। সেখানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে কাজের প্রতিনিধিত্বকারী মো. শামীম বলেন, এটি সম্পূর্ণ দুর্ঘটনা। নিহতের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। পরিবার যেভাবে চাইবে, সেভাবেই সহযোগিতা করা হবে।

নেছারাবাদ উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রাইসুল ইসলাম বলেন, ভবনটির পঞ্চম তলা নির্মাণের কাজ পেয়েছে পটুয়াখালীর কে কে এন্টারপ্রাইজ। শুক্রবার রাতে সেফটি নেটের অ্যাঙ্গেল ঝালাই করতে গিয়ে ওই শ্রমিক ওপর থেকে পড়ে মারা যান। তিনি আরও বলেন, সেফটি বেল্ট পরে কাজে মনোনিবেশ করলে হয়তো এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. শাহিন আহমেদ বলেন, রাতে ওই শ্রমিককে হাসপাতালে আনার সময় তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। অস্থিরতাসহ তার শারীরিক অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশালে পাঠানো হয়।

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ বলেন, পঞ্চম তলার নির্মাণকাজের প্রস্তুতি হিসেবে ভবনের চারপাশে সেফটি নেট তৈরির কাজ চলছিল। টিনের শেডের ওপর বসে অ্যাঙ্গেল ঝালাই করার সময় ওই শ্রমিক ওপর থেকে পড়ে গুরুতর আহত হন। পরে তার মৃত্যুর খবর জানতে পেরেছেন।