ঝালকাঠির রাজাপুরে একটি বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টির অভিযোগে ১৫ শিক্ষার্থীকে শনাক্ত করেছে কর্তৃপক্ষ। তাদের সবাইকে বিদ্যালয় থেকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক।
আজ রবিবার সকালে রাজাপুর উপজেলা সদরের রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি (টেস্ট) পরীক্ষার ফল প্রকাশকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম জানান, রবিবার সকালে টেস্ট পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল। এর আগেই কয়েকজন শিক্ষার্থী নিজেদের ফল জেনে যায়। ফল আশানুরূপ না হওয়ায় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেয় বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, শনাক্ত ১৫ শিক্ষার্থীর মধ্যে পাঁচ থেকে ছয়জন আওয়ামী লীগ পরিবারের সন্তান বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে বিদ্যালয় কর্তৃপক্ষের কার্যক্রম চলছে।
