২০০৭ সালে দায়ের করা একটি মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন ভোলার বোরহানউদ্দিন পৌরসভার মেয়রপ্রার্থী ও দৌলতখান প্রেসক্লাবের উপদেষ্টা মো. আকবর হোসেন এবং বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান। রোববার (১৫ নভেম্বর) ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ. এস. এম. তারিক শামস শুনানি শেষে তাঁদের জামিন মঞ্জুর করেন।
জামিন পাওয়ার পর মো. আকবর হোসেন বলেন, ২০০৭ সালে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে সাবেক বাণিজ্য ও শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদের নির্দেশে বোরহানউদ্দিন পৌরসভার সাবেক ৯ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর মো. ইউসুফ তাঁদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মামলাটির ১ নম্বর আসামি করা হয় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমকে।
তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন ধরে তাঁদের এ মামলার হয়রানি মোকাবিলা করতে হয়েছে। তাঁরা শুরু থেকেই মামলাটিকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন। অবশেষে আদালত থেকে জামিন পাওয়ায় তাঁরা স্বস্তি পেয়েছেন বলে জানান তিনি।
আকবর হোসেন বলেন, তাঁরা বিশ্বাস করেন ন্যায়বিচারের মাধ্যমে প্রকৃত সত্য প্রতিষ্ঠিত হবে।
