পটুয়াখালীতে তেলের ট্যাঙ্কারের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক চাঁন মিয়া (৪৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
আজ রবিবার ভোর সাড়ে ৫টার দিকে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পটুয়াখালী সেতুর উত্তর প্রান্তের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চাঁন মিয়া পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের আজাহার কাজীর ছেলে। আহতরা হলেন হারুন মোল্লা ও তাঁর স্ত্রী মরিয়ম বেগম। ঢাকা থেকে বাসার মালামাল নিয়ে পটুয়াখালী যাচ্ছিলেন তাঁরা। পথে পটুয়াখালী সেতুর উত্তর প্রান্তের ঢালে পৌঁছালে তাঁদের বহনকারী পিকআপের সঙ্গে তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়।
ফজরের নামাজের পর বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে আহত দুজনকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পটুয়াখালী হাইওয়ে পুলিশের সদস্য মো. রবিউল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যান চলাচল স্বাভাবিক রাখতে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়ক থেকে সরিয়ে কাছের ফিলিং স্টেশনে নেওয়া হয়েছে। নিহত চাঁন মিয়ার মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
