২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল দেশের দক্ষিণ উপকূল। ১৯ বছর পেরিয়ে গেলেও বরগুনাসহ উপকূলের বেড়িবাঁধ এখনো ঝুঁকিপূর্ণ। জেলার প্রায় ৭২ কিলোমিটার বেড়িবাঁধ নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে। সামান্য জোয়ার কিংবা ছোট দুর্যোগেই বাঁধ উপচে বা ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ে।
সিডরে বরগুনায় নিহত হয়েছিলেন ১ হাজার ৩৪৫ জন, নিখোঁজ ছিলেন ২০০ জনের বেশি। গৃহহীন হয়েছিল ৭৭ হাজার ৭৫৪টি পরিবার। পটুয়াখালীতে নিহত হন ৬৭৭ জন, পিরোজপুরে ৪০৯ জন ও ভোলায় ৪২ জন।
বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ডালভাঙা এলাকার বাসিন্দা মোসা. মাহমুদা সিডরে পরিবারের দুই সদস্যকে হারিয়েছেন। তিনি বলেন, সিডরে ঘরবাড়ি সব ভেসে গিয়েছিল, স্বামী-সন্তান নিয়ে গাছে ও রাস্তায় আশ্রয় নিতে হয়েছিল। এখনো নদীতে জোয়ার হলে ঘরে পানি ঢোকে।
একই এলাকার বাসিন্দা মো. আসলাম খাঁন সিডরে স্ত্রী ও মেয়েকে হারিয়েছেন। তিনি বলেন, ১৯ বছর ধরে তাঁদের দাবি একটাই— বেড়িবাঁধ উঁচু করে টেকসইভাবে নির্মাণ করা হোক।
বরগুনার নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল বলেন, উপকূলবাসী দীর্ঘদিন ধরেই অরক্ষিত। বাঁধ নির্মাণে সরকারের উদ্যোগ কম, আর যে বরাদ্দ দেওয়া হয় তা দিয়ে ভাঙা বাঁধ পুরোপুরি নির্মাণ করা যায় না।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হান্নান প্রধান জানান, দুটি প্রকল্পের মাধ্যমে ১২ কিলোমিটার টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে। ঝুঁকিপূর্ণ বাকি প্রায় ৬০ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ ও নদীভাঙন রোধের প্রস্তাবনা পাঠানো হয়েছে।
