বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ঝাড়ু মিছিলে হামলা চালিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর ব্রিজ এলাকায় পুলিশের সামনেই এ হামলা হয়। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে রহমতপুর বিমানবন্দর মোড়ে কৃষি কলেজের দুই ছাত্রকে মারধর করছিলেন বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সোহাগ আকন। এ সময় কলেজছাত্র ফামিন প্রতিবাদ করলে তাঁকেও চড়থাপ্পড় দেন সোহাগ। এর জেরে রাত ১১টার দিকে কয়েকশ নারী-পুরুষ ঝাড়ু হাতে রহমতপুর সেতুতে অবস্থান নেন এবং ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল আটকে দেন।
খবর পেয়ে রাত ১২টার দিকে সোহাগ আকন ও তাঁর ভাই জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহ-সভাপতি সবুজ আকন দলবল নিয়ে এসে মিছিলকারীদের ওপর হামলা চালান। ধারালো অস্ত্রের কোপে পাঁচজন আহত হন। গুরুতর আহতরা হলেন অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট রফিকুল ইসলাম (৫০), পারুল বেগম (৪৫) ও রিংকন বেপারী।
ফামিনের বাবা হামিদুর রহমান হামিদ বিএইচএস নিউজকে বলেন, তাঁর ছেলে স্বাধীন ইসলাম ফামিন বন্ধুকে নিয়ে বিমানবন্দর মোড়ে খেতে গিয়েছিল। সেখানে সোহাগ দুই ছাত্রকে মারধর করছিলেন দেখে ফামিন প্রতিবাদ করায় তাঁকেও মারধর করা হয়।
পরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনাস্থলে গিয়ে সোহাগ ও সবুজকে আটক করে কোতোয়ালী থানা হেফাজতে দিয়েছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিএইচএস নিউজকে বলেন, প্রাথমিকভাবে মেয়েঘটিত বিরোধের কথা শোনা গেলেও মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য সোহাগ ও সবুজকে আটক করা হয়েছে।
কোতোয়ালী থানার ওসি মনিরুল ইসলাম জানান, বিমানবন্দর থানা থেকে ওই দুজনকে কোতোয়ালী থানায় পাঠানো হয়েছে। তাঁরা থানা হেফাজতে রয়েছেন।
এদিকে বিষয়টি মীমাংসার নামে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। উপজেলা বিএনপির সদস্যসচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স মীমাংসার দায়িত্ব নিয়েছেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রহমতপুর এলাকায় আধিপত্য বিস্তার করে আসছেন সোহাগ ও সবুজ। ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়ায় স্বেচ্ছাসেবক দল থেকে সোহাগকে বহিষ্কার করা হয়েছিল; পরে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়। অন্যদিকে ধর্ষণের মামলায় অভিযুক্ত হওয়ায় জেলা ছাত্রদলের সহ-সভাপতির পদ থেকে সবুজকে বহিষ্কার করা হয়।
