ভোলার চরফ্যাশন উপজেলায় তিনটি অবৈধ ইটভাটাকে সাত লাখ টাকা জরিমানা করে বন্ধ করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮ এর ভোলা ক্যাম্প যৌথভাবে এ অভিযান চালায়।
শনিবার (১৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দক্ষিণ আইচা ও দুলারহাট থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীন।
জরিমানা করা ভাটা তিনটি হলো দক্ষিণ চর মানিকা এলাকার মেসার্স আকন ব্রিকস, মেসার্স রাত্রি ব্রিকস ও ঘোষের হাট এলাকার মেসার্স জোসনা ব্রিকস।
এসআরবি-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার তাপস কর্মকার বিএইচএস নিউজকে বলেন, লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইটভাটা চালানোর অভিযোগে ওই তিন ভাটাকে সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে নগদ আদায় করা হয়। একই সঙ্গে ভাটাগুলোর উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিবেশ সুরক্ষা, জনস্বাস্থ্য রক্ষা এবং প্রচলিত আইন ও বিধিবিধান বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে এসআরবি।
