বরগুনার আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে উপজেলা প্রকৌশলী দপ্তরের (এলজিইডি) হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিভে যাওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
এলজিইডি সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা হিসাব শাখার পেছনের কাঁচের জানালার লক ভেঙে কক্ষে প্রবেশ করে। পরে চেয়ার ও টেবিলের ওপর কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে চেয়ারের ওপর থাকা একটি তোয়ালের কিছু অংশ পুড়ে যায়। টেবিলের ওপর মোটা কাচ থাকায় আগুন অন্যত্র ছড়িয়ে পড়তে পারেনি।
ঘটনার সময় কার্যালয়ের নাইটগার্ড ফজলুর রহমান পাশের প্রকৌশলীর কক্ষে ঘুমিয়ে ছিলেন। রোববার সকালে হিসাব শাখার কক্ষ খুলে তিনি আগুন দেওয়ার বিষয়টি দেখতে পান। পরে হিসাব শাখার দায়িত্বে থাকা মো. সাইদুর রহমানসহ কার্যালয়ের অন্য কর্মকর্তাদের বিষয়টি জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে। এ সময় ঘটনাস্থল থেকে কেরোসিনের একটি খালি বোতল উদ্ধার করা হয়।
আমতলী উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী বিএইচএস নিউজকে বলেন, দুর্বৃত্তরা তাঁর দপ্তরের হিসাব শাখার পেছনের জানালা ভেঙে ভেতরে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে। তবে আগুন নিভে যাওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি আমতলী থানাকে জানানো হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান বলেন, উপজেলা প্রকৌশলী দপ্তরে আগুন দেওয়ার বিষয়টি তিনি শুনেছেন। এর আগেই প্রতিটি দপ্তরের প্রধানকে নিজ নিজ কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছিল। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
