ভোলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে প্রায় ২১ লাখ টাকা মূল্যের ৯ ভরি ১৫ আনা স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. আব্দুল আলী (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে ভোলা পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্ল্যাহ কাওছার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভোলা সদর রোডের নূর জুয়েলার্স নামের একটি দোকানে স্বর্ণালংকার বিক্রির চেষ্টার সময় তাকে আটক করা হয়।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এসআই মো. ইউসুফের নেতৃত্বে নূর জুয়েলার্সে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন আব্দুল আলীর সঙ্গে থাকা একটি কালো হাতব্যাগ তল্লাশি করে বিভিন্ন ধরনের স্বর্ণালংকার ও নগদ টাকা পাওয়া যায়।
স্বর্ণালংকারগুলোর বৈধ মালিকানা কিংবা ক্রয়সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে না পারায় সেগুলো জব্দ করা হয়। পরে জুয়েলার্সের মাধ্যমে পরীক্ষা করে স্বর্ণালংকারের পরিমাণ ৯ ভরি ১৫ আনা ১ রতি পাওয়া যায়। এ ছাড়া তার কাছ থেকে ৫ লাখ টাকা এবং কিছু ব্রোঞ্জ ও সিটি গোল্ডের অলংকার উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তার ব্যক্তির মোবাইল ফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও একটি মোবাইল নম্বরের সূত্র ধরে তদন্ত করে পুলিশ জানতে পারে, তিনি ঢাকার মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকার সাম্মা তাছলিম নামের এক নারীর বাসা থেকে এসব স্বর্ণালংকার ও টাকা চুরি করে ভোলায় নিয়ে আসেন। পরে সেগুলো বিক্রির চেষ্টা করছিলেন। এ ঘটনায় ঢাকার মোহাম্মদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গ্রেপ্তার আব্দুল আলী মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ী এলাকার বশিরদ্দিনের ছেলে। তাকে উদ্ধারকৃত মালামালসহ জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
