‘সুস্থ দেহ, সুন্দর মন’—মাদক ও ইভটিজিংমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই—এই স্লোগানকে সামনে রেখে ভোলা সদর উপজেলায় হ্যান্ডবল প্রতিযোগিতার সমাপনী, পুরস্কার বিতরণী এবং মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণের শুভ উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় ভোলা জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় পরাণগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির (২০২৬-২৭ অর্থবছর) আওতায় ভোলা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়।
ভোলা জেলা ক্রীড়া অফিসার মো. সাপাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর ভোলার সহকারী পরিচালক মো. ফরিদ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ভোলা সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রকিবুল হাসান এবং পরাণগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রব।
প্রতিযোগিতায় বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে পরাণগঞ্জ দাখিল মাদ্রাসা, রানার্সআপ হয়েছে চর ইলিশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে পরাণগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, রানার্সআপ হয়েছে পরাণগঞ্জ দাখিল মাদ্রাসা। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
সমাপনী পর্বের পাশাপাশি চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলকে নিয়ে মাসব্যাপী বিশেষ হ্যান্ডবল প্রশিক্ষণেরও শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এ ব্যাচে কোচের দায়িত্ব পালন করবেন চর ইলিশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো. নূর হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ছেলে-মেয়েদের মাদক, ইভটিজিং ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলা একটি শক্তিশালী মাধ্যম।
