এইমাত্র
পটুয়াখালী

পটুয়াখালীতে ওষুধ ব্যবসায়ীদের মানববন্ধন

ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন (সি-গ্রেড) কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন করেছেন সাধারণ ওষুধ ব্যবসায়ীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি, পটুয়াখালী জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সমিতির সভাপতি মো. ইসতিয়াক উদ্দিন আহম্মেদ রাহাত এবং সিনিয়র সহসভাপতি গাজী শহীদুল ইসলাম শাহীন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মাধ্যমে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। কিন্তু বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক এ কার্যক্রমে সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্তে সাধারণ ওষুধ ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। তাই পূর্বের নিয়মে সমিতির মাধ্যমে সি-গ্রেড ফার্মাসিস্ট প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার সুযোগ বহাল রাখতে হবে।

বক্তারা আরও বলেন, প্রকৃত ওষুধ ব্যবসায়ীদের প্রশিক্ষণের আওতায় আনতে হলে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মাধ্যমে সি-গ্রেড ফার্মাসিস্ট প্রশিক্ষণ কোর্স পরিচালনা করা প্রয়োজন। এর মাধ্যমে ওষুধ ব্যবসায়ীরা প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করে ভোক্তাদের আরও মানসম্মত ও সঠিক সেবা দিতে পারবেন।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, পূর্বের মতো সমিতির মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া না হলে সারা দেশের ওষুধের দোকান বন্ধ রাখাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের ঘোষিত লাগাতার কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এতে ওষুধ ব্যবসায়ী ও ফার্মাসিস্ট উভয় পক্ষের মধ্যে বিরূপ পরিস্থিতি তৈরি হতে পারে এবং সাধারণ ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

মানববন্ধন থেকে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের প্রতি সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে পূর্বের নিয়মে সি-গ্রেড ফার্মাসিস্ট প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়ার দাবি জানানো হয়।

একই সঙ্গে দাবি আদায় না হলে সারা দেশে আট লক্ষাধিক কেমিস্ট ও ফার্মেসি ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।