মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরি এবং শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তার বিকাশ ঘটাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির দ্বিতীয় তলায় ছায়া সংসদ পদ্ধতিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ। প্রতিযোগিতায় সেরা বক্তা নির্বাচিত হন আইন বিভাগের শিক্ষার্থী মো. সাব্বির হোসেন।
ছায়া সংসদ পদ্ধতির এই বিতর্কে সরকারি দল হিসেবে অংশ নেয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং বিরোধী দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আইন বিভাগ। উভয় দলের ছয় বিতার্কিকের যুক্তি, পাল্টা যুক্তি ও প্রাণবন্ত উপস্থাপনায় পুরো আয়োজনটি মুখরিত হয়ে ওঠে।
সরকারি দলের পক্ষে ছিলেন রবিউল সিকদার, নাফিসা আনোয়ার নাবিলা ও সাইমা চৈতি। বিরোধী দলের পক্ষে ছিলেন মো. সাব্বির হোসেন, মো. মানজারুল হক ও কাজী গালিব।
প্রতিযোগিতায় স্পিকারের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি মেহেদি হাসান সোহাগ। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক নাফিস মোহাম্মদ মিকাইল এবং বর্তমান সভাপতি শাকিল আহমেদ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বসুন্ধরা শুভসংঘ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মেহরাব হোসেনের পরিচালনা ও সঞ্চালনায় এবং সঞ্চিতা দত্তের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভসংঘের ববি শাখার উপদেষ্টা ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মো. ফরহাদ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শুভসংঘের ববি শাখার উপদেষ্টা ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সৌরিয়া আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে মো. ফরহাদ উদ্দিন বলেন, ‘এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়ায় এবং যুক্তির মাধ্যমে যেকোনো সমস্যা সমাধানের পথ দেখায়।’
বিশেষ অতিথি সহকারী অধ্যাপক সৌরিয়া আক্তার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে নতুন এসে অনেক শিক্ষার্থী নানা কারণে মানসিক অবসাদে ভোগেন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশে দারুণ সহায়তা করে।’
