এইমাত্র
বরগুনা

আমতলীতে কৃষকদের তরমুজের চারা নষ্টের অভিযোগ

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে কৃষকদের রোপণ করা তরমুজের চারা নষ্ট করার অভিযোগ উঠেছে স্থানীয় তহসিলদার তারেকুল ইসলাম ও কয়েকজন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, আসন্ন মৌসুমে তরমুজ চাষের জন্য সাতজন কৃষক প্রায় ১০ কানি জমিতে চাষাবাদের প্রস্তুতি হিসেবে পলিব্যাগে তরমুজের বীজ রোপণ করে চারা উৎপাদন করছিলেন। তহসিলদার তারেকুল ইসলামের নির্দেশে ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হাওলাদার ও বিএনপি নেতা খোকনের নেতৃত্বে একদল লোক এসে ওই তরমুজের চারা নষ্ট করে দেয়।

এ ঘটনায় কৃষকদের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। ক্ষতিগ্রস্ত সাত কৃষক হলেন—আলতাফ মৃধা, লতিফ মৃধা, দুলাল মৃধা, সোলায়মান মৃধা, হোসেন মৃধা, রব্বানি মৃধা ও জামাল শিকদার।

কৃষকদের আরও অভিযোগ, তহসিলদার তারেকুল ইসলাম ঘটনাস্থলে কয়েকজন নারীর গায়ে হাত তোলেন এবং তাঁদের মারধর করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী কৃষকরা বিএইচএস নিউজকে জানান, তাঁরা নিজেদের ক্রয়কৃত ও ভোগদখলীয় জমিতে তরমুজ চাষের প্রস্তুতি হিসেবে বীজ থেকে চারা উৎপাদন করছিলেন। কিন্তু কোনো ধরনের যৌক্তিক কারণ ছাড়াই তাঁদের কষ্টার্জিত চারাগুলো নষ্ট করা হয়েছে। এতে তাঁরা আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।

ঘটনার খবর পেয়ে হলদিয়া ইউনিয়নের সাবেক সভাপতি জহুরুল ইসলাম লিমন ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। পরে তহসিলদার তারেকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি লিমনকে অকথ্য ভাষায় গালাগাল করেন বলে অভিযোগ উঠেছে।

এলাকার একাধিক বাসিন্দা এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, কৃষকের ফসল ও চারা নষ্ট করা অত্যন্ত নিন্দনীয় কাজ। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ভুক্তভোগী কৃষকদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে তহসিলদার তারেকুল ইসলামসহ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং তাঁদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।

এ বিষয়ে অভিযুক্ত তহসিলদার তারেকুল ইসলাম বিএইচএস নিউজকে বলেন, তিনি সরকারি আদেশে জমি দেখার জন্য গিয়েছিলেন। চারা নষ্ট করার মতো ঘটনা ওখানে ঘটেনি।

এ বিষয়ে আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা বিএইচএস নিউজকে বলেন, ঘটনাটি তিনি সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছেন। সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াকুব হোসাইন বিএইচএস নিউজকে বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।