বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ছয় কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে হস্তান্তর করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর থেকে তাঁদের তুলে আনা হয়। পরে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
প্রক্টর অফিসে হস্তান্তর করা কর্মকর্তারা হলেন— বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর, অর্থ দপ্তরের উপপরিচালক আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবু হাচান, অর্থ দপ্তরের সহকারী পরিচালক মোজাম্মেল হক ও রেজিস্ট্রার দপ্তরের অফিস সহায়ক আরিফ হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনকে টেনে-হিঁচড়ে প্রক্টর অফিসে নেওয়ার চেষ্টা করা হয়।
মারধরের শিকার কর্মকর্তারা জানান, তাঁদের অফিস থেকে মারধর করে তুলে নিয়ে প্রক্টর অফিসে আটকে রাখা হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এসব কর্মকর্তার। তাঁরা দেশকে অস্থিতিশীল করতে নানাভাবে পাঁয়তারা করে যাচ্ছেন। তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, এ জন্য তাঁদের আটক করে প্রক্টর অফিসে সোপর্দ করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনোভাবেই এসব মেনে নেবে না। সেই জায়গা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা যে অবস্থান নিয়েছি, এই কর্মসূচি অব্যাহত থাকবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ বলেন, সারাদেশে পতিত ফ্যাসিস্ট শক্তি বিক্ষিপ্তভাবে নৈরাজ্য সৃষ্টি করছে। আমাদের বিশ্ববিদ্যালয়েও এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
