এইমাত্র
গলাচিপা

গলাচিপায় এক রাতে তিন প্রাথমিক বিদ্যালয়ে পেট্রোল বোমাসদৃশ বোতল নিক্ষেপ

পটুয়াখালীর গলাচিপায় একই রাতে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পেট্রোল বোমাসদৃশ কাচের বোতল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বিদ্যালয়গুলোর দেয়ালে পোড়া দাগের সৃষ্টি হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ছাড়া দুটি বিদ্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান লেখা পাওয়া গেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। বুধবার (১৮ নভেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম সগীর এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ঘটনার শিকার বিদ্যালয়গুলো হলো—উত্তর-পশ্চিম বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য সাউদের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পশ্চিম কল্যাণ কলস সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মধ্য সাউদের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হানিফ বিএইচএস নিউজকে জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে স্থানীয়রা বিকট শব্দ শুনতে পান। সকালে বিদ্যালয়ে গিয়ে দ্বিতীয় ও চতুর্থ শ্রেণির কক্ষের দরজার পাশের দেয়ালে কালো পোড়া দাগ দেখতে পান তিনি। বিদ্যালয়ের ফটকের সামনে কাচের বোতলের ভাঙা টুকরোও পড়ে ছিল। এ ছাড়া বিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ লেখা দেখতে পান তাঁরা।

উত্তর-পশ্চিম বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান বিএইচএস নিউজকে জানান, সকালে বিদ্যালয়ে গিয়ে পেট্রোল বোমাসদৃশ কাচের বোতলের ভাঙা টুকরো দেখতে পান। বিদ্যালয়ের বারান্দার দেয়ালে কালো পোড়া দাগ রয়েছে। দেয়ালে লাগানো জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পোস্টারটিও পুড়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেছেন বলেও জানান তিনি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. গোলাম সগীর বিএইচএস নিউজকে বলেন, কলাগাছিয়া ইউনিয়নের তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করা হয়েছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও বিদ্যালয়গুলোর দেয়ালে পোড়া দাগ, বিভিন্ন স্লোগান ও হুমকিমূলক লেখা পাওয়া গেছে। বিষয়টি জানিয়ে বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের থানায় জিডি করতে পাঠানো হয়েছে।

কলাগাছিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাবুবুর রহমান বিএইচএস নিউজকে জানান, মঙ্গলবার দিবাগত রাতে বিদ্যালয়গুলোতে পেট্রোল বোমাসদৃশ কাচের বোতল নিক্ষেপের খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। রাতে বিদ্যালয়ের ফটক বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, বাইরে থেকে বোতলগুলো নিক্ষেপ করা হয়েছে। প্রাথমিকভাবে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।