বরগুনার আমতলীতে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝটিকা মিছিল থেকে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাস ভাঙচুর করা হয়। ঘটনার পরপরই পুলিশ জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার শাখারিয়া বাজারসংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ নভেম্বরের ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগের আমতলী উপজেলা শাখার নেতাকর্মীরা হঠাৎ ওই এলাকায় ঝটিকা মিছিল বের করেন।
মিছিলের এক পর্যায়ে তারা পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটান এবং সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাস ভাঙচুর করে দ্রুত সটকে পড়েন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এ ঘটনায় জড়িত দুজনকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বিএইচএস নিউজকে জানান, ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জড়িত দুজনকে আটক করেছে। তবে তাৎক্ষণিকভাবে আটক দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
