পটুয়াখালী পৌর শহরের দক্ষিণ সবুজবাগ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাসভবনে আগুন লেগেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে বাড়ির একটি কক্ষ থেকে আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাড়ির বিভিন্ন অংশ পুড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি; তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
স্থানীয়দের ধারণা, ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কাজী আলমগীর পলাতক রয়েছেন। এরপর থেকে ওই বাড়িতে তিনি কিংবা তার পরিবারের কোনো সদস্য বসবাস করতেন না বলে জানা গেছে।
একই রাতে জেলা শ্রমিক লীগের জ্যেষ্ঠ সহসভাপতি খলিলুর রহমানের বাসভবনেও হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ও জানালার কাঁচ ভেঙে তছনছ করে দেয় এবং বৈদ্যুতিক মিটার ভেঙে নিয়ে যায়।
একই রাতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বসাক বাজার এলাকায় এবং মির্জাগঞ্জ উপজেলার বরগুনা-বরিশাল সড়কে কয়েকটি টায়ারে আগুন দেওয়া হয়। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বিএইচএস নিউজকে জানান, ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে এবং পুলিশি টহল অব্যাহত রয়েছে। এদিকে আমতলী থানা-পুলিশ নয়জনকে আটক করেছে।
