এইমাত্র
কলাপাড়া

কলাপাড়ায় ককটেল বিস্ফোরণ, গণপিটুনির পর ২ যুবক পুলিশে সোপর্দ

পটুয়াখালীর কলাপাড়ায় বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নাচনাপাড়া চৌরাস্তা সংলগ্ন ইউনিক পরিবহনের বাস কাউন্টারের সামনে এ বিস্ফোরণ ঘটে।

বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে বাসস্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষ ঘটনাস্থলে জড়ো হন। স্থানীয়রা দুই যুবককে হাতেনাতে ধরে মারধর করেন। পরে টহল পুলিশের সহযোগিতায় তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক দুজনের মধ্যে নিপু হাওলাদার নামের এক যুবক গণপিটুনিতে গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অপর যুবক আদিল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিএইচএস নিউজকে জানান, রাতে বাসস্ট্যান্ডে দুই যুবক ককটেল সদৃশ কিছু একটা বিস্ফোরণ ঘটায়। পরে স্থানীয় লোকজন ও টহল পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে। স্থানীয়দের মারধরে নিপু নামের একজন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, আহত নিপুর বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। তিনি কোনো সংগঠনের সঙ্গে জড়িত কি না, তা-ও এখনো জানা যায়নি। আদিল নামের আরেকজন পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ স্থানীয়ভাবে উঠলেও পুলিশ এখনো তা নিশ্চিত করেনি।