এইমাত্র
বোরহানউদ্দিন

বোরহানউদ্দিনে কাচের বর্জ্যে অতিষ্ঠ শিক্ষার্থী ও পথচারীরা

ভোলার বোরহানউদ্দিনে কাচ ভাঙার কারখানার বর্জ্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন কোমলমতি শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা। উপজেলার টবগী রাস্তার মাথা বাজারসংলগ্ন নতুন হাকিমউদ্দিন এলাকায় সড়কের ওপর ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ধারালো কাচের টুকরো। এসব কাচের আঘাতে ইতোমধ্যে দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনাও ঘটেছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ওই সড়কে চলাচল করছে শত শত স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি চললেও কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রশাসনের নাকের ডগায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হলেও যেন দেখার কেউ নেই।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গড়ে উঠেছে একাধিক কাচ ভাঙার কারখানা। এসব কারখানায় ঢাকা থেকে বড় ট্রাকে করে আনা হয় ভাঙা কাচ। রাস্তার মাথা থেকে হাকিমউদ্দিন সড়কের ওপর ট্রাক রেখে শ্রমিকেরা মাথায় করে এবং ঠেলাগাড়িতে এসব কাচ কারখানায় নিয়ে যান। এ সময় অসতর্কতার কারণে সড়কের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে কাচের টুকরো। ফলে পুরো সড়কটি পথচারী ও শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

শিক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগ, সড়কে ছড়িয়ে থাকা কাচের টুকরোয় তাঁদের সন্তানদের পা কেটে আহত হচ্ছে। বিষয়টি একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং আগের তুলনায় কাচ আনা-নেওয়ার পরিমাণ আরও বেড়েছে।

স্থানীয় স্কুল ও মাদ্রাসার শিক্ষকেরা জানান, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি কারখানার দায়িত্বশীল ব্যক্তিদের জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি। প্রতিদিন শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া-আসার সময় দুর্ঘটনার আশঙ্কায় থাকতে হচ্ছে।

স্থানীয় এক ব্যক্তি জানান, কারখানার মালিক ঢাকায় থাকেন এবং নিয়মিত এলাকায় আসেন না। কারখানাটি দেখাশোনার দায়িত্বে রয়েছেন তুহিন ফরাজী। তাঁকেও একাধিকবার বিষয়টি জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সমস্যার সমাধান হয়নি।

স্থানীয়দের মতে, এলাকায় কর্মসংস্থান সৃষ্টি নিঃসন্দেহে ইতিবাচক উদ্যোগ। তবে সেই উদ্যোগের কারণে কোমলমতি শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে না। কাচ পরিবহন, ওঠানামা ও কারখানায় নেওয়ার ক্ষেত্রে যথাযথ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা এবং সড়কে পড়ে থাকা কাচের টুকরো নিয়মিত পরিষ্কার করা কারখানা কর্তৃপক্ষের দায়িত্ব।

এ অবস্থায় শিক্ষার্থী ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসী। তাঁদের দাবি, কারখানাগুলোতে কাচ পরিবহনের জন্য নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি সড়ক থেকে কাচের বর্জ্য অপসারণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মণের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি।