ঝালকাঠির কাঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক লাখ টাকা করে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে রাতভর অভিযান চালান কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন। কাঠালিয়া থানা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে।
আটক ব্যক্তিরা হলেন— বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাফিলা এলাকার মো. নাঈম শরীফ (২০), কাঠালিয়া উপজেলার মধ্য কৈখালী এলাকার মো. মিলন (২৯), বরগুনার তেঁতুলবাড়িয়া এলাকার মো. নিজাম (৩৯), বরগুনার দক্ষিণ তেঁতুলবাড়িয়া এলাকার মো. ইসমাইল (২৭) ও ঝালকাঠির রাজাপুর উপজেলার আরুয়া এলাকার মো. হায়দার সিকদার (৩২)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ৪টি পৃথক মামলা দায়ের করা হয়। পরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন বিএইচএস নিউজকে জানান, বিষখালী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী অবৈধভাবে বালু উত্তোলন করতে পারবেন না।
