ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৩ নম্বর চরভাটারা কান্দা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দেয় বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। এতে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে।
স্থানীয় বিএনপি নেতাদের দাবি, ভোর আনুমানিক ৪টার দিকে দুর্বৃত্তরা কার্যালয়ের পেছনের অংশের সিঁধ কেটে ভেতরে ঢুকে আগুন ধরিয়ে দেয়। সকাল ৬টার দিকে কার্যালয়ে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দা ওলি ডাকুয়া। পরে তিনি আশপাশের লোকজনকে ডাকলে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন হাওলাদার বিএইচএস নিউজকে বলেন, ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে অফিসের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে গেছে তারা।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জীবন এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন সিকদার বিএইচএস নিউজকে জানান, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে তারা সতর্ক অবস্থানে ছিলেন। ভোররাতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান। এ ঘটনায় কার্যালয়ের আনুমানিক ১০ থেকে ১২ হাজার টাকার ক্ষতি হয়েছে।
বিএনপি নেতাদের অভিযোগ, আগের রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় মিছিল করার চেষ্টা করলে তারা বাধা দেন। এর জের ধরে কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে থাকতে পারে বলে তাদের ধারণা। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
খবর পেয়ে সকালে ঝালকাঠি সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিএইচএস নিউজকে জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
