বরিশালের মুলাদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হিরণকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
মুলাদী থানা পুলিশ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চরডিক্রী এলাকায় নিজ বাড়ি থেকে হিরণকে গ্রেপ্তার করে। সন্ত্রাসবিরোধী আইন ও পুরোনো মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার তরিকুল ইসলাম হিরণ চরডিক্রী গ্রামের মৃত সুলতান আহমেদ আকনের ছেলে। গাছুয়া ইউনিয়নের খেজুরতলা বাজারে বিএনপির একটি জনসভার মঞ্চ ভাঙচুরের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বিএইচএস নিউজকে জানান, সন্ত্রাসবিরোধী আইন ও পুরোনো মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা তরিকুল ইসলাম হিরণকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
