এইমাত্র
গৌরনদী

গৌরনদীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার, কারাগারে

বরিশালের গৌরনদীতে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি সেন্টু ভূঁইয়াকে (৫৫) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর হাতিরঝিল থানাধীন এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে বরিশাল এসআরবি-৮-এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে তাকে বরিশাল অতিরিক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার সেন্টু ভূঁইয়া গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকার মৃত হাসেম ভূঁইয়ার ছেলে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বিএইচএস নিউজকে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে এসআরবি-৮-এর সদস্যরা তার এক ঘনিষ্ঠ আত্মীয়ের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর জমি লিখে দেওয়ার কথা বলে প্রতিবেশী সেন্টু ভূঁইয়া ওই ছাত্রীকে নিজের বাসায় ডেকে নেন। সেখানে তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে গত ৯ নভেম্বর রাতে গৌরনদী থানায় সেন্টু ভূঁইয়াকে আসামি করে ধর্ষণ মামলা করেন। মামলা হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।