এইমাত্র
মুলাদী

মুলাদী উপজেলা জামায়াতের নতুন আমির মাওলানা আব্দুল মালেক

২০২৭-২০২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুলাদী উপজেলা শাখার নতুন আমির নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুল মালেক।

শুক্রবার (২০ নভেম্বর) মুলাদীতে অনুষ্ঠিত সদস্য (রুকন) সম্মেলনে বরিশাল জেলা জামায়াতের আমির ড. এস এম মাহফুজুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন এবং নবনির্বাচিত আমিরকে শপথ পড়ান।

জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর পর পর উপজেলা আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৬ সালের ৩১ ডিসেম্বর বর্তমান উপজেলা কমিটির মেয়াদ শেষ হবে। এ লক্ষ্যে গত ৭ নভেম্বর সদস্য (রুকন) সম্মেলনে ভোট গ্রহণ করা হয়। সম্মেলনে পুরুষ ও মহিলা রুকনরা ২০২৭-২০২৮ সেশনের জন্য নতুন আমির নির্বাচনে ভোট দেন। জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী সর্বোচ্চ ভোট পাওয়া ব্যক্তিই আমির নির্বাচিত হন।

বিদায়ী উপজেলা আমির মাওলানা আবু সালেহ ইতিমধ্যে বরিশাল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মনোনীত হয়েছেন।

নবনির্বাচিত আমির মাওলানা আব্দুল মালেক এর আগে পর্যায়ক্রমে মুলাদী উপজেলা কর্মপরিষদ সদস্য, সহকারী সেক্রেটারি, সেক্রেটারি এবং সর্বশেষ নায়েবে আমিরের দায়িত্ব পালন করেন।

তাঁর গ্রামের বাড়ি মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নে। পেশাগত জীবনে তিনি মুলাদীর রামারপুল ডি এস ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় আরবি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।