এইমাত্র
ঝালকাঠি

জাপানে জোড়া পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন নলছিটির মাহিয়ান

জাপানে অনুষ্ঠিত বিশ্ব রোবট গেমসে দুটি ব্রোঞ্জ পদক জিতে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন ঝালকাঠির নলছিটির তরুণ উদ্ভাবক মাহিয়ান ইসলাম ও তাঁর দল। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ‘ডাইনামিক প্রজেক্ট ইনোভেটরস’ দলের হয়ে সতীর্থ হামজা হোসাইন ফিহামকে সঙ্গে নিয়ে এই কৃতিত্ব অর্জন করেন তিনি।

জাপানের চিবা শহরে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড রোবট গেমস ইন্টারন্যাশনাল রাউন্ড ২০২৬’-এ বিশ্বের ২২টি দেশের প্রতিযোগীরা অংশ নেন। এই আসরের ‘ইনক্রেডিবল মেশিন’ এবং ‘ইনোভেটিভ রোবট’—দুটি বিভাগেই চতুর্থ স্থান অর্জন করে একটি করে ব্রোঞ্জ পদক জেতেন মাহিয়ান ও ফিহাম। প্রতিযোগিতায় তাঁরা ‘ফ্লাড প্রুফ হাইড্রোলিক হাউজিং অ্যান্ড ফার্ম সিস্টেম’ শীর্ষক প্রকল্প উপস্থাপন করেন, যা বন্যাপ্রবণ এলাকার মানুষের বসতবাড়ি ও কৃষিব্যবস্থাকে সুরক্ষিত রাখার লক্ষ্যে তৈরি করা হয়েছে।

মাহিয়ান ইসলাম ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌদ্দবুড়িয়া গ্রামের সহিদুল ইসলাম ছিন্টুর ছেলে। পড়াশোনার পাশাপাশি তিনি স্থানীয় সামাজিক সংগঠন ‘তারুণ্যের নলছিটি’র একজন সক্রিয় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।

মাহিয়ানের এই আন্তর্জাতিক সাফল্যে অভিনন্দন জানিয়েছেন জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত ও ‘তারুণ্যের নলছিটি’ যুব সংগঠনের সভাপতি খালেদ সাইফুল্লাহ। তিনি বিএইচএস নিউজকে বলেন, মাহিয়ান ও তাঁর সতীর্থ ফিহামকে আন্তরিক অভিনন্দন। নলছিটির সন্তান এবং সংগঠনের স্বেচ্ছাসেবক হিসেবে তাঁর এই অর্জনে আমরা গর্বিত। আন্তর্জাতিক মঞ্চে তিনি নলছিটি তথা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন।