এইমাত্র
পটুয়াখালী

দশমিনায় নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

পটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টায় তাঁদের পটুয়াখালী আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কাটাখালী এলাকার হারুন আকনের ছেলে মো. আরিফ আকন (২৫), দশমিনা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত মনির হোসেনের ছেলে মো. আরিফ হোসেন (২৩) এবং গছানী এলাকার মোহাম্মদ আলী মৃধার ছেলে মো. সাইফুল ইসলাম ওরফে সাইদুল (২৫)। পুলিশ জানিয়েছে, আরিফ আকন ও আরিফ হোসেন উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং সাইদুল বাঁশবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের ১ নম্বর সহসভাপতি।

পুলিশ জানায়, গত ২৮ সেপ্টেম্বর উপজেলার বড় গোপালদী বাজার এলাকায় সন্ত্রাসবিরোধী কার্যক্রমের অভিযোগে একটি ঘটনা ঘটে। ওই ঘটনায় দশমিনা থানা-পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে। মামলার এজাহারে অজ্ঞাতনামা আসামি হিসেবে থাকায় তদন্তের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বিএইচএস নিউজকে জানান, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার তদন্তের অংশ হিসেবে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।