তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন কপ৩১-এ বাংলাদেশের যুব প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সোহেল রানা। আন্তর্জাতিক এই মঞ্চে তিনি বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলের জলবায়ু-বিপন্ন মানুষের বাস্তব চিত্র, জলবায়ু ন্যায়বিচার এবং আন্তর্জাতিক অর্থায়নের স্বচ্ছতা ও জবাবদিহির দাবি তুলে ধরেছেন।
সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সোহেল রানা জানান, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম হলেও ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার সবচেয়ে বড় শিকার এ দেশের উপকূলীয় মানুষ। বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের লাখ লাখ মানুষের জীবন-জীবিকা, শিক্ষা ও স্বাস্থ্য আজ হুমকির মুখে।
কপ৩১-এ বাংলাদেশের জলবায়ু কূটনীতির দুটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে এই যুব প্রতিনিধি বলেন, সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ এবং ঋণের পরিবর্তে অনুদান দেওয়ার যে প্রস্তাব দিয়েছেন, তা অত্যন্ত সময়োপযোগী। পাশাপাশি ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (সিআইএফ) ‘আরাইজ’ কর্মসূচির প্রথম ধাপে বাংলাদেশ নির্বাচিত হওয়ায় ৩ কোটি মার্কিন ডলার পর্যন্ত অর্থায়নের সুযোগ তৈরি হয়েছে।
তবে এই অর্থের সঠিক ব্যবহার নিয়ে সতর্কতা ও পাঁচটি অগ্রাধিকারের কথা উল্লেখ করে সোহেল রানা বলেন, আন্তর্জাতিক সম্মেলনে কত টাকার ঘোষণা এলো, তা দিয়ে জলবায়ু ন্যায়বিচার মাপা যায় না। প্রকৃত সাফল্য তখনই আসবে, যখন এই অর্থ সরাসরি উপকূলের ক্ষতিগ্রস্ত মানুষের হাতে পৌঁছাবে। তার মতে, প্রস্তাবিত ৩ কোটি ডলারের বিনিয়োগ পরিকল্পনায় উপকূলে সুপেয় পানির ব্যবস্থা, লবণাক্ততা-সহিষ্ণু কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন, টেকসই বেড়িবাঁধ ও আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং জলবায়ু-উদ্বাস্তুদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
বরিশাল অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি নীতি-নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, উপকূলের ‘মান্তা’ বা ভাসমান সম্প্রদায়ের মতো অতি-দরিদ্র জনগোষ্ঠী জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় শিকার হলেও তারা সরকারি সেবা ও জলবায়ু নীতিতে উপেক্ষিত থাকে। প্রকল্পের নকশা তৈরির শুরু থেকেই নারী, প্রতিবন্ধী ব্যক্তি, ক্ষুদ্র মৎস্যজীবী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
এছাড়া জলবায়ু প্রকল্পের অর্থ ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে স্বাধীন তদারকি, সামাজিক নিরীক্ষা এবং নীতিনির্ধারণী প্রক্রিয়ায় উপকূলীয় তরুণদের সক্রিয়ভাবে যুক্ত করার আহ্বান জানান ববির এই শিক্ষার্থী।
