বরিশালের রহমতপুরে অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মকর্তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন সাধারণ ও আবাসিক শিক্ষার্থীদের একটি অংশ। অভিযোগের তালিকায় রয়েছে শিক্ষার্থীদের উসকানি দিয়ে আন্দোলনে সম্পৃক্ত করা, ডাইনিংয়ের অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম ও আত্মসাৎ, মাদক সেবনে সহযোগিতা, হোস্টেলে বহিরাগতদের রাত্রিযাপনের সুযোগ করে দেওয়া এবং প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ নষ্ট করা।
অভিযুক্ত কর্মকর্তা উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম। শিক্ষার্থীদের অভিযোগ, শীতকালীন সবজি চাষের জন্য নির্ধারিত বেডে খেলার মাঠ তৈরি করা হয়েছে। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মতো কারিগরি ও ব্যবহারিক শিক্ষানির্ভর প্রতিষ্ঠানে কৃষিকাজের জন্য নির্ধারিত জায়গার ব্যবহার পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
শিক্ষার্থীদের আরও অভিযোগ, একটি অংশকে ব্যবহার করে অধ্যক্ষের বিরুদ্ধে আন্দোলনে উসকানি দিয়েছেন উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম। বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরিতেও তাঁর ভূমিকা রয়েছে বলে দাবি করেছেন কয়েকজন শিক্ষার্থী।
প্রতিষ্ঠানটির আবাসিক শিক্ষার্থীদের অভিযোগের আরেকটি বড় অংশ ডাইনিংয়ের অর্থ ব্যবস্থাপনাকে ঘিরে। নাম প্রকাশে অনিচ্ছুক এক আবাসিক শিক্ষার্থী জানান, ডাইনিংয়ে একদিন খাবার খেলেও মাসিক ২ হাজার ৬০০ টাকা দিতে হয়। আবার পুরো মাস খাবার খেলেও একই পরিমাণ অর্থ পরিশোধ করতে হয়। এমনকি পুরো মাস খাবার না খেলেও তাঁকে মাসিক নির্ধারিত টাকা দিতে হচ্ছে।
ওই শিক্ষার্থীর ভাষ্য অনুযায়ী, ডাইনিংয়ের অর্থ আদায় ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুললে আবাসিক শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের চাপের মুখে পড়তে হয়। তিনি বলেন, অনেক শিক্ষার্থী এসব অনিয়মের বিষয়ে কথা বলতে চান না। কারণ, প্রকাশ্যে অভিযোগ করলে হোস্টেলের আসন বাতিল হয়ে যেতে পারে — এমন আশঙ্কা তাঁদের মধ্যে কাজ করে।
প্রতিষ্ঠানের আবাসিক পরিবেশ নিয়েও গুরুতর অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। অভিযোগ অনুযায়ী, নজরুল ইসলামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ষষ্ঠ পর্বের শিক্ষার্থী ইশা বিভিন্ন সময়ে তাঁর সহযোগিতায় প্রতিষ্ঠানে নানা কর্মকাণ্ডে জড়িত থাকেন। কিছুদিন আগে হোস্টেলের ৩০১ নম্বর কক্ষে বহিরাগতদের নিয়ে মদ্যপানের অভিযোগও ওঠে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে।
কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে তাঁর শ্বশুরের প্রভাব ও ছত্রছায়ায় প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করে আসছেন। তাঁদের দাবি, তাঁর বিরুদ্ধে কেউ কথা বললে অনুসারী শিক্ষার্থীদের মাধ্যমে হুমকি দেওয়ার ঘটনাও ঘটে। ফলে অনেক শিক্ষার্থী অভিযোগ থাকা সত্ত্বেও প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না।
পুরো ঘটনাপ্রবাহে সবচেয়ে গুরুতর ও উদ্বেগজনক অভিযোগ সামনে এসেছে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর। একাধিক শিক্ষার্থীর দাবি, উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলামের বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে অধ্যক্ষকে জিম্মি করে তাঁর কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়। শিক্ষার্থীরা দাবি করেছেন, এ ঘটনার দৃশ্য তাঁরা নিজেরাই দেখেছেন।
এ ব্যাপারে উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম বিএইচএস নিউজকে বলেন, আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা।
শিক্ষার্থীদের অভিযোগ, এতগুলো গুরুতর অভিযোগ সামনে আসার পরও প্রতিষ্ঠানটির প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সাধারণ ও আবাসিক শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ বাড়ছে।
বরিশাল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা চান নিরাপদ আবাসিক পরিবেশ, স্বচ্ছ ডাইনিং ব্যবস্থাপনা এবং ভয়ভীতিমুক্ত শিক্ষার পরিবেশ। অভিযোগের সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
