পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্য (এমপি) ও এক পৌর মেয়রের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার রাত ৯টার মধ্যে এসব ঘটনা ঘটে।
গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে পটুয়াখালী জেলা শহরের পুরানবাজার এলাকায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুন নেছার বাড়ির মূল ফটকে হামলা ও ভাঙচুর চালানো হয়। তাঁর পুত্রবধূ রোকসানা পারভীন বিএইচএস নিউজকে জানান, ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির সীমানাপ্রাচীরের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। বাড়িতে ঢুকতে না পেরে তারা মূল ফটকে ভাঙচুর চালায়। লুৎফুন নেছা দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি সুলতান আহমেদের স্ত্রী।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিএইচএস নিউজকে বলেন, হামলার খবর পেয়ে সাবেক নারী সংসদ সদস্যের বাসার সামনে পুলিশ পাঠানো হয়েছিল। এ সময় কেউ কোনো অভিযোগ করেননি। পরে পুলিশ ফিরে আসে।
শুক্রবার সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির কার্যালয়ে সন্ত্রাসবিরোধী সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন। সভা শেষে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা উপজেলা শহরে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এরপর সাবেক দুই সংসদ সদস্য ও সাবেক পৌর মেয়রের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
প্রয়াত সংসদ সদস্য আনোয়ার-উল ইসলামের কলাপাড়া পৌর শহরের কামারপট্টি এলাকার বাড়িতে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে হামলা ও ভাঙচুর চালানো হয়। তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। ২০২৪ সালে তিনি মারা যান।
এরপর শুক্রবার রাত আটটার দিকে কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগের উপজেলা কমিটির সহসভাপতি এস এম রাকিবুল আহসানের এতিমখানা এলাকার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে সংঘবদ্ধ একটি দল। এর প্রায় আধা ঘণ্টা পর সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মহিব্বুর রহমানের কলাপাড়ার বাসভবনে ভাঙচুর চালানো হয়। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।
সন্ত্রাসবিরোধী সভার পর সাবেক দুই সংসদ সদস্য ও এক পৌর মেয়রের বাড়িতে হামলা-ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ূন শিকদার বিএইচএস নিউজকে বলেন, “আওয়ামী লীগের কিছু লোক অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে। এর প্রতিবাদে আমরা সন্ত্রাসবিরোধী সভা করি। যেভাবে ঘটনা প্রকাশ করা হচ্ছে, ততটা হামলা-ভাঙচুর হয়নি। হয়তো দরজায় চার-পাঁচটা আঘাত করেছে।”
হামলা ও ভাঙচুরের বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিএইচএস নিউজকে বলেন, এ ধরনের কোনো অভিযোগ তাদের কাছে আসেনি।
