এইমাত্র
বরিশাল সদর

বরিশাল সদর হাসপাতালে নারী দালালদের দাপট, চিকিৎসা নিতে এসে নাকাল রোগীরা

স্বল্প খরচে মানসম্মত চিকিৎসাসেবা পাওয়ার আশায় বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে এসে সংঘবদ্ধ নারী দালালচক্রের খপ্পরে পড়ছেন সাধারণ রোগীরা। সরকারি হাসপাতালে পরীক্ষা ও নিরীক্ষা সম্ভব নয় এমন অজুহাত এবং কম খরচে দ্রুত সেবা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে রোগীদের বাইরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে ভাগিয়ে নেওয়া হচ্ছে।

সরেজমিনে হাসপাতাল প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, মূল প্রবেশপথ, বহির্বিভাগ ও আউটডোর এবং বিভিন্ন ওয়ার্ডের সামনে সক্রিয় রয়েছে একটি সংঘবদ্ধ নারী দালালচক্র। চিকিৎসকের কক্ষ থেকে রোগীরা বের হওয়ার পরপরই চক্রের সদস্যরা ব্যবস্থাপত্র ও প্রেসক্রিপশন দেখার নামে কাছে ভিড় জমান। এরপর হাসপাতালের যন্ত্রপাতি নষ্ট বা দীর্ঘ সিরিয়ালের ভয় দেখিয়ে রোগীদের নির্দিষ্ট কিছু বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করাতে এবং নির্ধারিত ফার্মেসি থেকে ওষুধ কিনতে প্ররোচিত করেন।

ভুক্তভোগীদের একজন নগরীর ভাটিখানা এলাকার বাসিন্দা নাজমা আক্তার। সম্প্রতি বুকে ব্যথা নিয়ে তিনি বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাঁকে এক্স-রে ও ইসিজি করানোর পরামর্শ দেন। এরপরই এক নারী দালাল কম খরচে দ্রুত পরীক্ষা করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁকে হাসপাতালের বাইরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। সেখানে ওই দুটি পরীক্ষার জন্য তাঁর কাছে ২ হাজার ৪০০ টাকা দাবি করা হয়, যা সরকারি হাসপাতালের নির্ধারিত ফি’র তুলনায় কয়েক গুণ বেশি।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একাধিক সূত্র জানায়, আশপাশের বেশ কিছু বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসির সঙ্গে এই দালালদের মোটা অঙ্কের কমিশনভিত্তিক চুক্তি রয়েছে। অভিযোগ উঠেছে, হাসপাতালের ডিজিটাল এক্স-রে ও আলট্রাসনোগ্রাম মেশিন নষ্ট বলে প্রচার করা হলেও সচল থাকা কিছু পরীক্ষার ক্ষেত্রেও রোগীদের কৌশলে বাইরে পাঠানো হচ্ছে। ভুক্তভোগী রোগী ও স্বজনদের মতে, হাসপাতালে প্রবেশের পর কোন পরীক্ষা কোথায় এবং কত টাকা খরচে করা যায় সে বিষয়ে দৃশ্যমান কোনো তথ্যবোর্ড বা কার্যকর হেল্পডেস্ক নেই।

এ বিষয়ে জানতে চাইলে আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মলয় কৃষ্ণ বড়াল বলেন, দালালদের দৌরাত্ম্য বন্ধের বিষয়টি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় গুরুত্বের সাথে আলোচনা হয়েছে এবং প্রশাসন নিয়মিত অভিযান চালাচ্ছে। তবে জনবল সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে বর্তমানে ডিজিটাল এক্স-রে, ইসিজি ও আলট্রাসনোগ্রামসহ কয়েকটি পরীক্ষা হাসপাতালে করা সম্ভব হচ্ছে না। বরিশালের জেলা সিভিল সার্জন ডা. মো. সাইয়েদুর রহমান জানান, হাসপাতাল প্রাঙ্গণ দালালমুক্ত রাখতে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হয় এবং সুনির্দিষ্ট অভিযোগগুলো খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক মো. মামুন খন্দকার হোসেন বলেন, সাধারণ রোগীদের ভোগান্তি কমাতে এবং দালালচক্র নির্মূল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।