এইমাত্র
ঝালকাঠি

আকভানের টানা বৃষ্টিতে ঝালকাঠিতে প্রায় ২ হাজার হেক্টর আমন ধান হেলে পড়েছে, ক্ষতির শঙ্কায় কৃষক

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চার দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে ঝালকাঠিতে। বৃষ্টি ও দমকা হাওয়ায় জেলায় রোপা আমন ধান হেলে পড়েছে, পানি জমে অন্যান্য ফসলেরও ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

কৃষি বিভাগ জানিয়েছে, এ বছর জেলায় ৪৭ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এর মধ্যে প্রায় ২ হাজার হেক্টর জমির ধান বৃষ্টিতে আক্রান্ত হয়ে হেলে পড়েছে। বৃষ্টি ও দমকা হাওয়া এভাবে চলতে থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কৃষকরা জানিয়েছেন, আমন ধানের পাশাপাশি পেঁপে, মাসকলাই, লালশাক, লাউসহ শীতকালীন সবজিরও ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে মাসকলাইয়ের খেতে পানি জমে গেছে।

ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন বিএইচএস নিউজকে জানান, টানা বৃষ্টিতে ২ হাজার হেক্টর জমির ধান হেলে পড়েছে। তবে বৃষ্টি দীর্ঘস্থায়ী না হলে এবং দ্রুত জমির পানি নেমে গেলে ফসলের বড় ধরনের ক্ষতি হবে না। কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক মাঠপর্যায়ের পরিস্থিতির খোঁজখবর রাখা হচ্ছে বলে জানান তিনি।