গোপালগঞ্জসহ সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে আগৈলঝাড়া উপজেলার পয়সারহাটের প্রধান সড়কগুলোতে বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ করে। মিছিল শেষে পয়সারহাট এলাকার বরিশাল-গোপালগঞ্জ মহাসড়কে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশজুড়ে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য চালাচ্ছে। বক্তারা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সহিংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং দুইবারের সাবেক সফল চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু। সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। এ ছাড়া আরিফুর রহমান ফিরোজ মোল্লা, হোসাইনুর রহমান, হেমায়েত হোসেন তালুকদার, জয় মোল্লা, শেখ মান্নান, আকাশ মাহমুদ, মো. আলী আসরাফ, হিমু বক্তিয়ার, আলম ফকির, কাওছার ভাট্টি, হাসান কাজী, জাহাঙ্গীর বক্তিয়ার ও খোকন চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
