এইমাত্র
বাকেরগঞ্জ

বাকেরগঞ্জে অধ্যক্ষ ইউনুস খানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নেতা অধ্যক্ষ মো. ইউনুস খানের ৩২তম মৃত্যুবার্ষিকী রোববার বাকেরগঞ্জে পালিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী কবর জিয়ারত, স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সকালে বরিশাল ইসলামিয়া কলেজ প্রাঙ্গণে অবস্থিত মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করা হয়। এ সময় বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও বরিশাল-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক এবং বরিশাল ইসলামিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আরিফ হোসেনসহ মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিকেলে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবুল হোসেন খান। সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দার।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার (শাহীন), উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নাসির উদ্দীন হাওলাদারসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

সভায় সংসদ সদস্য আবুল হোসেন খান মরহুম অধ্যক্ষ ইউনুস খানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন। শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বরিশাল ইসলামিয়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. ইউনুস খান ১৯৯৪ সালের ২২ নভেম্বর মৃত্যুবরণ করেন।