বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ ও হিজলা, ভোলা জেলার ভোলা সদর এবং লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার মধ্যকার দীর্ঘদিনের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণ নিয়ে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২২ নভেম্বর) দুপুর ১টায় বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এ ছাড়া সেতু ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান এবং সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া সভায় উপস্থিত ছিলেন। ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে অংশ নেন।
সভাপতির বক্তব্যে ভূমি মন্ত্রী বলেন, মেঘনা নদীবিধৌত এই অঞ্চলগুলোর সীমানা জটিলতা নিরসন করা গেলে স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ফিরবে। তিনি সিএস, আরএস, বিএস ও দিয়ারা জরিপের রেকর্ড পর্যালোচনা করে স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতার ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে সীমানা নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সীমানা বিরোধের কারণে চরাঞ্চল ও নদীভাঙন কবলিত এলাকার সাধারণ মানুষ নাগরিক সেবা ও উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত হচ্ছেন। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, মাঠপর্যায়ের বাস্তবতা ও আধুনিক ডিজিটাল জরিপ প্রযুক্তি কাজে লাগিয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সক্রিয় সহযোগিতায় একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হবে। সভায় সীমানা নির্ধারণ সংক্রান্ত বিদ্যমান প্রতিবন্ধকতা, আইনগত দিক ও পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
