এইমাত্র
গৌরনদী

গৌরনদীতে বিএনপির বিশেষ বর্ধিত সভায় জহির উদ্দিন স্বপন

গৌরনদী উপজেলা ও পৌর বিএনপির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২২ নভেম্বর) বিকেলে গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল।

প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, দেশের আইন অমান্য করে বিদেশে পালিয়ে থাকা শেখ হাসিনা বাংলাদেশে তাণ্ডব পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত-ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। সেই সুযোগে দেশে অবস্থানরত কিছু সন্ত্রাসী তাণ্ডব সৃষ্টির চেষ্টা করছে। এ বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সঙ্গে বিএনপির ভেতরে কেউ সন্ত্রাসে জড়ালে তাঁর বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি বলেন, সন্ত্রাসমুক্ত গৌরনদী-আগৈলঝাড়া গড়ার অঙ্গীকার নিয়ে তিনি জনগণের কাছে ভোট চেয়েছেন। জনগণ তাঁকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। তাই জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতেই হবে। আগামী ডিসেম্বর মাসকে দলের পক্ষ থেকে সাংগঠনিক মাস হিসেবে ঘোষণা করা হয়েছে বলেও জানান স্বপন। এ মাসে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে এবং ভবিষ্যৎ স্থানীয় সরকার নির্বাচনে দলের পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরা হবে।

সভায় ২০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হবে বলেও জানানো হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহিদুল্লাহ, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ ও সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম খলিফা।