এইমাত্র
ভোলা

ভোলা নর্থ-৩ কূপের দ্বিতীয় স্তরেও মিলল গ্যাস

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে অবস্থিত ভোলা নর্থ-৩ গ্যাসকূপের দ্বিতীয় স্তরেও গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।

রোববার সন্ধ্যায় কূপটির ৩ হাজার ২৬১ দশমিক ৫ থেকে ৩ হাজার ২৬৬ দশমিক ৫ মিটার গভীরতায় দ্বিতীয় স্তরের ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু করে বাপেক্স। প্রাথমিক পরীক্ষায় ধারণা করা হচ্ছে, এই স্তর থেকে প্রতিদিন ১৮ থেকে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।

এর আগে গত ১৫ নভেম্বর কূপটির প্রথম স্তরের ডিএসটি সফলভাবে সম্পন্ন হয়। সেই স্তরেও গ্যাসের প্রবাহ পাওয়া যায়। একই কূপের দুই স্তরে গ্যাস মেলায় কূপটির উৎপাদন সক্ষমতা কয়েক গুণ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বাপেক্সের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৯ সেপ্টেম্বর ভোলা নর্থ-৩ কূপের খননকাজ শুরু হয়। কূপটি ভূগর্ভের ৩ হাজার ৫২৬ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। গত ১৪ নভেম্বর সেখানে পারফোরেশন বা ছিদ্র করার প্রক্রিয়া শেষ করা হয়।

ভোলা নর্থ-৩ কূপটি জেলার দশম গ্যাসকূপ। জেলার তিনটি গ্যাসক্ষেত্র—শাহবাজপুর, ভোলা নর্থ ও ইলিশা—মিলিয়ে এখন মোট কূপের সংখ্যা দাঁড়াল ১০টিতে।

ডিএসটি শেষে কূপটির চূড়ান্ত মজুত ও উৎপাদন সক্ষমতা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছে বাপেক্স।