ভোলার লালমোহনে এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল।
রোববার বিকেলে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. আজগর (৫০) লালমোহন উপজেলার ৮ নম্বর চরলক্ষ্মী ওয়ার্ডের বাসিন্দা।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৮ অক্টোবর সকালে লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষ্মী এলাকায় ওই নারীকে একা পেয়ে ধর্ষণের অভিযোগ ওঠে আজগরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় লালমোহন থানায় মামলা করেন। মামলার পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে ছিলেন।
পরে মামলার তদন্ত কর্মকর্তার অধিযাচনপত্রের পরিপ্রেক্ষিতে এসআরবি-৮, বরিশালের অধিনায়কের নির্দেশে ভোলা ক্যাম্পের একটি দল তাঁকে গ্রেপ্তারের উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় বোরহানউদ্দিনের মনিরাম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মো. আজগরকে লালমোহন থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিএইচএস নিউজকে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
