ঢাকা-কুয়াকাটা মহাসড়ক ধরে চলাচলকারী যাত্রীবাহী বাস থেকে টার্মিনাল টোলের নামে চাঁদা আদায় করা হচ্ছে বরিশাল নগরীতে। মাত্র দুই কিলোমিটার পথ পার হতে দুই পয়েন্টে বাসপ্রতি ৫০ ও ৬০ টাকা করে মোট ১১০ টাকা দিতে হয়। যাওয়া-আসা মিলিয়ে দিতে হয় ২২০ টাকা। অথচ ইজারার শর্ত অনুযায়ী, টার্মিনাল ব্যবহারকারী বাস থেকেই কেবল সর্বোচ্চ ৫০ টাকা টোল আদায় করা যাবে; মহাসড়ক দিয়ে চলাচলকারী কোনো বাস থেকে টোল নেওয়া যাবে না।
বরিশাল নগরীতে দুটি বাস টার্মিনাল রয়েছে। চলতি বছর ৬৫ লাখ টাকায় ইজারা দেওয়া হয়েছে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল, আর রুপাতলীর অভ্যন্তরীণ রুটের টার্মিনাল ইজারা দেওয়া হয়েছে ২৬ লাখ টাকায়। শুধু নগর ভবনের ইজারার শর্তই নয়, এ বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনাও রয়েছে। একটি রিট আবেদনের ভিত্তিতে উচ্চ আদালত টার্মিনালের বাইরে সড়ক-মহাসড়ক থেকে কোনো টোল আদায় না করার নির্দেশ দেন সব পৌরসভা ও সিটি করপোরেশনকে। এরপর স্থানীয় সরকার মন্ত্রণালয়ও এ বিষয়ে নির্দেশনা জারি করে। দেশের সব জায়গায় সড়ক-মহাসড়কে টোল আদায় বন্ধ হলেও ব্যতিক্রম বরিশাল—এখানে টোলের নামে মহাসড়কে চলাচলকারী বাস থেকে চাঁদা আদায় চলছেই।
কুয়াকাটা-কক্সবাজার রুটে নিয়মিত বাস চালানো চালক আব্দুল হক বিএইচএস নিউজকে বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রাম-ঢাকা হয়ে বরিশাল পর্যন্ত আসতে মহাসড়কের কোথাও টার্মিনাল টোল দিতে হয় না। কিন্তু বরিশাল নগরী সংলগ্ন মাত্র দুই কিলোমিটার জায়গা পার হতে দুই পয়েন্টে ৫০ ও ৬০ টাকা করে মোট ১১০ টাকা দিতে হয়। রুপাতলী মহাসড়কে সিটি করপোরেশনের লোগো লাগানো পোশাক পরে লাঠি হাতে দাঁড়িয়ে থেকে ওই টাকা তোলেন লোকজন। কুয়াকাটা-রৌমারী রুটের বাসচালক নিজামউদ্দিন বিএইচএস নিউজকে বলেন, বরিশাল ছাড়া আর কোথাও মহাসড়কে গাড়ি আটকে এভাবে টাকা দিতে হয় না। বরিশাল মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন বিএইচএস নিউজকে বলেন, এটা নতুন নয়; যুগ যুগ ধরে এভাবে মহাসড়কে বাস থামিয়ে টাকা তোলা হচ্ছে। উচ্চ আদালতের রায় আর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কীভাবে এই টাকা তোলা হচ্ছে, যারা তুলছেন তারাই ভালো বলতে পারবেন।
নথুল্লাবাদ টার্মিনালের ইজারাদার হাবিবুল্লাহ এবং রুপাতলী বাস টার্মিনালের ইজারাদার ইয়াসিন আরাফাত মিন্টু বিএইচএস নিউজকে বলেন, যেসব বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়কে থামিয়ে যাত্রী ওঠানামা করে এবং যাদের এ দুই টার্মিনালে কাউন্টার আছে, কেবল তাদের কাছ থেকেই টার্মিনাল টোল আদায় করা হয়। সরাসরি যাতায়াত করা বাস থেকে কোনো টাকা নেন না তাঁরা। তবে সরেজমিনে মিলেছে ভিন্ন চিত্র—সব ধরনের বাস থেকেই টাকা আদায়ের প্রমাণ মিলেছে দুই টার্মিনালসংলগ্ন মহাসড়কে। এমনকি শিক্ষা সফর বা পিকনিকের উদ্দেশ্যে কুয়াকাটাগামী বাসও এই চাঁদাবাজি থেকে রেহাই পায় না। দুই বাস টার্মিনালের একাধিক পরিবহণ শ্রমিক পরিচয় না প্রকাশের শর্তে বিএইচএস নিউজকে বলেন, যে দুই পয়েন্টে এই টাকা ওঠানো হয়, তার আশপাশে বহু সিসি ক্যামেরা আছে; সেসব ক্যামেরার ফুটেজ দেখলেই অভিযোগের সত্যতা মিলবে। এ বিষয়ে প্রথমে সিটি করপোরেশনসহ বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসককে চিঠি দেয় বরিশাল বিভাগীয় সড়ক পরিবহণ মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। কাজ না হওয়ায় পরে ঢাকায় বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতিকে চিঠি দেওয়া হয়। চিঠি পেয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে মালিক সমিতি স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চাঁদাবাজি বন্ধের নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয় বরিশালের পুলিশকে। কিন্তু তারপরও চলছে মহাসড়কে বাস থামিয়ে বেপরোয়া এই চাঁদাবাজি।
বরিশাল সিটি করপোরেশনের মুখ্য নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বিএইচএস নিউজকে বলেন, কেবল টার্মিনাল ব্যবহার করা যাত্রীবাহী বাস থেকে টোল আদায় করা যাবে। মহাসড়কে বাস থামিয়ে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, আমরা টার্মিনাল ইজারা দিয়েছি, মহাসড়ক নয়। ইজারাদার মহাসড়কে নামতেই পারবে না; সে টার্মিনালের ভেতরে থেকে টোল আদায় করবে। মহাসড়কে বাস থামিয়ে বিসিসির নামে অর্থ আদায় করা হলে তা বেআইনি; লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সালেহ মুহাম্মদ রায়হান বিএইচএস নিউজকে বলেন, বিষয়টি তাঁর নলেজে এসেছে। ট্রাফিক বিভাগের উপকমিশনারকে তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে। অভিযোগের সত্যতা মিললে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে; মহাসড়কে বাস আটকে টাকা তোলার কোনো সুযোগ নেই।
