ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাট এলাকায় সরকারি জমি দখলমুক্ত করে মিনিপার্ক গড়ার উদ্যোগ নিয়েছে গণপূর্ত বিভাগ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শুরু হওয়া উচ্ছেদ অভিযানে প্রথম দিনেই ১৭টি ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা সরিয়ে দেওয়া হয়।
গণপূর্ত বিভাগ, জেলা প্রশাসন ও ঝালকাঠি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশ নেন। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম।
গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী হাদিসুর রহমান বিএইচএস নিউজকে জানান, গণপূর্ত প্রতিমন্ত্রী, জেলা প্রশাসন ও সংসদ সদস্যের নির্দেশনায় এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে বিভাগের আওতাধীন অন্য সরকারি জমিও দখলমুক্ত করা হবে। দখলমুক্ত জায়গাটি গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে পার্ক হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
অভিযানের আগে দখলদারদের চিঠি দিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নিতে বলা হয়েছিল। অনেকেই নিজেদের মালামাল আগেই সরিয়ে নেন।
দীর্ঘদিনের অবৈধ দখলমুক্ত হওয়ায় স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, দখলমুক্ত জায়গায় পার্ক হলে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ অবসর কাটানোর সুযোগ পাবেন এবং এলাকাটি নগরবাসীর বিনোদন ও স্বস্তির একটি মনোরম স্থান হয়ে উঠবে।
