কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা মহিলা দল।
বৃহস্পতিবার বিকেল ৫টায় জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন রুমা ও সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী তানিয়া আক্তার।
বক্তারা তাদের বক্তব্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান। একই সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।
তারা বিএনপির নেতৃত্বকে আরও শক্তিশালী করতে এবং দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখতে শান্তিপ্রিয় নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। কর্মসূচিতে জেলা ও উপজেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
