এইমাত্র
গৌরনদী

ডাব চুরিতে বাঁধা দেওয়ায় গৌরনদীতে শিক্ষিকার ওপর হামলা

বরিশালের গৌরনদীতে নারিকেল গাছ থেকে ডাব চুরিতে বাঁধা দেওয়ায় এক শিক্ষিকার ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলার সময় তাঁর মুঠোফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষিকা। এ ঘটনায় তিনি গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী মোর্শেদা আক্তার গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাসেমাবাদ গ্রামের বাসিন্দা। তিনি উজিরপুর উপজেলার কালিহাতা আলিম মাদ্রাসার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক। অভিযুক্ত আব্দুর রহিম গৌরনদী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

মোর্শেদা আক্তার বিএইচএস নিউজকে জানান, বুধবার সন্ধ্যার পর কাসেমাবাদে তাঁর বাড়ির সামনের নারিকেল গাছ থেকে ডাব পাড়ার শব্দ শুনতে পান তিনি। বাড়ি থেকে বের হয়ে দেখতে পান, একজন গাছে উঠে ডাব পাড়ছে আর নিচে আব্দুর রহিমসহ পাঁচ-ছয়জন দাঁড়িয়ে আছেন। তিনি মুঠোফোনে ঘটনার ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করলে আব্দুর রহিম ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর হামলা চালিয়ে ফোনটি ছিনিয়ে নেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।

শিক্ষিকার অভিযোগ, প্রতিবেশী আব্দুর রহিম ২০২৪ সালে তাঁর পৈতৃক সম্পত্তির ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ করেছেন। এ ঘটনায় তিনি ভূমি প্রতিকার আইনে আদালতে মামলা করেছেন। মামলার পর থেকেই আব্দুর রহিম তাঁদের পরিবারকে বিভিন্নভাবে হয়রানি ও বাড়িছাড়া করার হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ করেন তিনি। বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুলের ছত্রছায়ায় রহিম এলাকায় বেপরোয়া হয়ে উঠেছেন বলেও অভিযোগ করেন ওই শিক্ষিকা।

এ বিষয়ে জানতে আব্দুর রহিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। মিজানুর রহমান খান মুকুল বিএইচএস নিউজকে বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। ওই শিক্ষিকা তাঁকেও ফোন করেছিলেন বলে জানিয়ে তিনি বলেন, তিনি বর্তমানে সিলেটে রয়েছেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বিএইচএস নিউজকে জানান, অভিযোগের তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।