এইমাত্র
বরিশাল সদর

ওজোপাডিকোর বিদ্যুৎ বিল জমা যাবে সম্মিলিত ইসলামী ব্যাংকে

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) বিদ্যুৎ বিল এখন থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের এক্সিম ব্যাংক ইউনিটের যেকোনো শাখায় জমা দেওয়া যাবে।

এ বিষয়ে বুধবার সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন সম্মিলিত ইসলামী ব্যাংকের এক্সিম ব্যাংক ইউনিটের মার্কেটিং বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহনাজ পারভীন এবং ওজোপাডিকোর কোম্পানি সেক্রেটারি এমদাদুল হক।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এ.এফ. সাব্বির আহমেদ, ওজোপাডিকোর নির্বাহী পরিচালক (পরিচালন) জ্যোতিষ চন্দ্র রায়, নির্বাহী পরিচালক (অর্থ) নিতীশ চন্দ্র দত্ত, নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আমিন, উপমহাব্যবস্থাপক (হিসাব) মো. আব্দুল খালেক এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের আইটি বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কামরুজ্জামান।

এ চুক্তির ফলে ওজোপাডিকোর আওতাধীন খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা ও ভোলার গ্রাহকেরা সম্মিলিত ইসলামী ব্যাংকের এক্সিম ব্যাংক ইউনিটের যেকোনো শাখায় বিদ্যুৎ বিল জমা দিতে পারবেন।