এইমাত্র
উজিরপুর

উজিরপুরে নিখোঁজ কিশোরের মরদেহ মাছের ঘেরে উদ্ধার

বরিশালের উজিরপুরে নিখোঁজের দুই দিন পর মাছের ঘের থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাত আড়াইটার দিকে উপজেলার জল্লা ইউনিয়নের দক্ষিণ কুরালিয়া এলাকার একটি মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কিশোরের নাম মহসিন মল্লিক বাবু (১৬)। তিনি উপজেলার জল্লা ইউনিয়নের মুন্সীতালুক গ্রামের মো. নয়ন মল্লিকের ছেলে এবং পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন।

পরিবারের বরাতে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জরুরি কাজ আছে বলে বাড়ি থেকে বের হন মহসিন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার ভোররাতে দক্ষিণ কুরালিয়ায় নাসির মল্লিকের বাড়ির দক্ষিণ পাশে সড়কের পাশের মাছের ঘেরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান তার মামা শাহিন মল্লিক।

খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম বিএইচএস নিউজকে জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি; ময়নাতদন্তের প্রতিবেদন পেলে কারণ জানা যাবে।