এইমাত্র
বরিশাল সদর

বরিশালে প্রথম সরকারি মহিলা পলিটেকনিকের যাত্রা শুরু

বরিশাল বিভাগের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে ২০২৬–২৭ শিক্ষাবর্ষে দুটি বিভাগে ৪৮ জন শিক্ষার্থী নিয়ে ক্লাস শুরু হয়।

নগরীর দক্ষিণ আলেকান্দায় পরেশ সাগর মাঠের পাশে প্রায় ৩ একর ১৮ শতাংশ জমিতে প্রায় ৫৫ কোটি টাকা ব্যয়ে ইনস্টিটিউটটি নির্মিত হয়েছে। নির্মাণকাজ শুরু হয়েছিল ২০২০–২১ অর্থবছরে।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও আর্কিটেকচার টেকনোলজি—দুটি বিভাগে ৫০টি করে আসন রয়েছে। চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য এসএসসি পাসের পাশাপাশি সাধারণ বা উচ্চতর গণিতে জিপিএ কমপক্ষে ২.০০ এবং মোট জিপিএ কমপক্ষে ৩.০০ থাকতে হয়। ক্লাস চলছে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ল্যাবরেটরিগুলো এখনো পুরোপুরি চালু হয়নি; আপাতত অ্যাকাডেমিক ভবনের নিচতলায় পদার্থবিজ্ঞান ও রসায়নের ব্যবহারিক ক্লাস নেওয়া হচ্ছে।

আগামী শিক্ষাবর্ষে সিভিল টেকনোলজি ও অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে, তখন মোট আসন হবে ২০০টি। ক্যাম্পাসে ২০০ আসনের ছাত্রী হোস্টেল, শিক্ষক ডরমিটরি, স্টাফ কোয়ার্টার, শহীদ মিনার ও নিজস্ব সাবস্টেশন রয়েছে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম সামসুন নাহার বিএইচএস নিউজকে জানান, নারী শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় এগিয়ে নিতে ইনস্টিটিউটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।