বরিশাল বিমানবন্দরের অভ্যন্তরে বৈদ্যুতিক ক্যাবল চুরির চেষ্টায় বাধা দেওয়ায় এক আনসার সদস্যকে ঘাস কাটার কাঁচি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রুহুল আমিনকে আটক করেছে সিভিল এভিয়েশন নিরাপত্তাকর্মীরা।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বিমানবন্দরের আনসার গার্ডের ২৫ নম্বর পোস্টে দায়িত্ব পালনকালে মিঠু হালদার দেখতে পান, ঘাস কাটার শ্রমিকদের সঙ্গে এক ব্যক্তি পোস্টের ভেতরে প্রবেশ করে মাটি খুঁড়ে বৈদ্যুতিক ক্যাবল চুরি করছেন। বিষয়টি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে আটক করতে এগিয়ে যান। এ সময় অভিযুক্ত ব্যক্তি হাতে থাকা কাঁচি দিয়ে তাঁর মাথায় আঘাতের চেষ্টা করলে তিনি আত্মরক্ষার্থে হাত দিয়ে তা প্রতিহত করেন। এতে তাঁর হাতের আঙুল গুরুতরভাবে জখম হয়।
অভিযুক্ত রুহুল আমিন বরিশালের উত্তর রহমতপুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে। আহত মিঠু হালদার পিরোজপুরের নাজিরপুর উপজেলার ধীরেন্দ্র হালদারের ছেলে।
ঘটনার কিছুক্ষণ পর অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয় এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আহত আনসার সদস্যকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁর বৃদ্ধাঙ্গুলির টেন্ডন কেটে যাওয়ার বিষয়টি শনাক্ত করেন এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
