জুলাই শহীদ দিবস–২০২৬ উপলক্ষে আজ (১৬ জুলাই ২০২৬) পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ উপলক্ষে পিরোজপুরের সম্মানিত জেলা প্রশাসক জনাব আবু সাঈদ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা ও কল্যাণ কামনা করা হয়।
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয়। তাঁদের আত্মদান আমাদের ন্যায়, মানবিকতা, গণতন্ত্র, সুশাসন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রেরণা জোগায়। শহীদদের আদর্শকে ধারণ করে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।