শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
No menu items!
spot_img

পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ!

পিরোজপুরের নেছারাবাদ শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আরিফুল ইসলাম মোল্লার বিরুদ্ধে ভুয়া (ফেক) ফেসবুক আইডি ব্যবহার করে শিক্ষার্থীদের অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনের একাংশের নেতাকর্মীরা।

বুধবার (১৫ জুলাই) রাতে উপজেলার মাহমুদকাঠি বাজারের একটি রেন্ট-এ-কার অফিসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক মো. ফারদিন ইসলাম। তিনি অভিযোগ করেন, সভাপতি আরিফুল ইসলাম মোল্লা মেয়েদের নামে একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণামূলকভাবে যোগাযোগ করতেন। পরে তাদের সমকামিতার প্রস্তাব দিতেন বলেও দাবি করেন তিনি।

ফারদিন আরও অভিযোগ করেন, কয়েকজন সাধারণ শিক্ষার্থীর সঙ্গে জোরপূর্বক সমকামিতার চেষ্টাও করা হয়েছে। এ-সংক্রান্ত কিছু তথ্য-প্রমাণ তাদের কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি। বিষয়টি নিয়ে সভাপতির কাছে জানতে চাইলে তিনি টাকা দিয়ে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেন বলেও অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে কলেজ ছাত্রদল নেতা মো. ইশতিয়াক বলেন, বিভিন্ন ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে একাধিক ব্যক্তিকে সমকামিতার প্রস্তাব দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত মেসেঞ্জার কথোপকথনের স্ক্রিনশট তাদের কাছে সংরক্ষিত রয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অপর ছাত্রনেতা মো. আরিফুল ইসলাম মুবিন অভিযোগ করেন, একটি ফেসবুক আইডি থেকে আরিফুল ইসলাম মোল্লার ছবি ব্যবহার করে তাকে সমকামিতার প্রস্তাব দেওয়া হয়। পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, ওই আইডিটি আরিফুল ইসলাম মোল্লার। এ বিষয়ে জানতে চাইলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আরিফুল ইসলাম মোল্লা। তিনি বলেন, “আমার রাজনৈতিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করতে একটি পক্ষ পরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। কথিত স্ক্রিনশট ও অন্যান্য উপকরণ এআই বা প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে।” তিনি এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান।

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. জিয়াউল হক সজীব বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, এসব অভিযোগ অভিযোগকারীদের দাবি। অভিযোগের বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতাও তার বক্তব্য দিয়েছেন।

অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular