গত ১৮ বছরে মানবসম্পদ তৈরি না করে ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন।
মঙ্গলবার (৪ আগস্ট) রাতে পিরোজপুর জেলা সদর হাসপাতাল পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক ও স্টাফ সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার বড় বড় প্রতিষ্ঠানে বিল্ডিং বানিয়ে ব্যবসা-বাণিজ্য করছে, লুটপাত করছে। কিন্তু এ বড় বড় সেবা প্রতিষ্ঠান চালাতে যে জনবল লাগবে, সেই জনবলই তৈরি করে নাই। মেডিকেল কলেজ থেকে যে ছাত্র-ছাত্রী বের হইছে, তাদের পাবলিক সার্ভিস পরীক্ষা নিয়ে নিয়োগ দিতে। সেগুলো চিন্তা-ভাবনা করে নাই।
তিনি আরও বলেন, এই গ্যাপ পূরণের জন্য আমাদের একটু সময় দিন। ইনশাল্লাহ আমি যেটা আলোচনা করে জানতে পেরেছি, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে আমার আলাপ হয়েছে। শিগগিরই ২-১ মাসের মধ্যে ৫ হাজার ডাক্তার নিয়োগের ব্যবস্থা হচ্ছে। তখন ইনশাল্লাহ আমাদের সদর হাসপাতালে ডাক্তার সমস্যা কিছুটা দূর হবে।
প্রতিমন্ত্রী বলেন, এটা তো প্রকট সমস্যা। কারণ গত ১৮ বছর জায়গামতো ডাক্তার নিয়োগ বলেন, কোনো কিছুই ঠিকমতো হয় নাই। প্রতিটি উপজেলায় আমাদের ডাক্তারের অভাব আছে, জনবলের অভাব আছে। এই সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সে পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছে, তারা এটা ওভারকাম করার চেষ্টা করছে।