বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
No menu items!
spot_img

উজিরপুরে দুর্গাপূজার নিরাপত্তায় বিএনপির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস :এমপি সান্টুর

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেছেন, শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা মাসিক উন্নয়ন সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় এমপি সান্টু বলেন, মাদক তরুণ সমাজকে ধ্বংস করছে। মাদক ব্যবসায়ী, চোরাকারবারি, জমি দখলকারী ও জুয়াড়িদের কোনো দলীয় বা রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া যাবে না। অপরাধী যে-ই হোক, তার পেছনে যত প্রভাবশালী ব্যক্তিই থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের সুপারিশ বা তদবির বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত, বখাটেদের আড্ডা ও ইভটিজিংয়ের ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। এসব অপরাধ কঠোরভাবে দমন করতে হবে। তরুণ প্রজন্মের ভবিষ্যৎ রক্ষায় নিয়মিত পুলিশি টহল বাড়ানোর পাশাপাশি হাটবাজার ও ব্যাংক এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করতে হবে।

ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষার ওপর গুরুত্বারোপ করে সংসদ সদস্য বলেন, মিথ্যা গুজব ছড়িয়ে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়, সেদিকেও নজর দিতে হবে। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। এ জন্য বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি বলেন, সাধারণ মানুষ যেন থানায় গিয়ে কোনো ধরনের হয়রানির শিকার না হন, পুলিশকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে কাজ করতে হবে। পাশাপাশি স্থানীয় ছোটখাটো বিরোধ শুরুতেই সমাধানের উদ্যোগ নিতে হবে, যাতে তা বড় ধরনের সংঘাত বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন, উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, সিনিয়র সহসভাপতি এস এম আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিন হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের আহ্বায়ক মো. শাহাবুদ্দিন আকন সাবু ও সদস্যসচিব মো. হাফিজুর রহমান প্রিন্স।

এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাহাবুব গোমস্তা, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নাসির উদ্দীন শরীফ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা ও এ সংক্রান্ত কোনো ধরনের আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক করে বলেন, এসব ঘটনায় কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া তিনি উপজেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular