সোমবার, ১৬ নভেম্বর ২০২৬  |  বরিশাল
এইমাত্র
বরিশাল জেলা

বরিশাল শিক্ষা প্রকৌশলে ৪ কোটি টাকার ভবন সংস্কারে ভুয়া বিল-ভাউচারের অভিযোগ

সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ হওয়ার কথা মাঠে, কিন্তু বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে (ইইডি) মাঠের কাজের চেয়ে কাগজের হিসাবই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে — এমন গুরুতর অভিযোগ উঠেছে। কোথাও কাজ শেষ করেও ঠিকাদাররা বিল পাচ্ছেন না, কোথাও মাঠপর্যায়ে দৃশ্যমান অগ্রগতি না থাকলেও কাগজে-কলমে কাজ সম্পন্ন দেখিয়ে বিল উত্তোলনের অভিযোগ রয়েছে।

বরিশাল নগরীর ভাটার খাল রোডে অবস্থিত শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিজস্ব জরাজীর্ণ ভবন সংস্কারের কাজ নিয়েও উঠেছে বড় ধরনের অনিয়মের অভিযোগ। অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রের দাবি অনুযায়ী, ভবনটির সংস্কারকাজে মেসার্স কবির এন্টারপ্রাইজ প্রায় ৩ কোটি ২২ লাখ টাকা এবং আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠান ৭৮ লাখ টাকা ব্যয় করে। অর্থাৎ প্রতিষ্ঠান দুটির মাধ্যমে মোট প্রায় চার কোটি টাকার সংস্কারকাজ সম্পন্ন করা হয়।

কিন্তু কাজ শেষ হওয়ার পরও প্রতিষ্ঠান দুটিকে সম্পূর্ণ বিল পরিশোধ করা হয়নি বলে অভিযোগ রয়েছে। পরবর্তী সময়ে সংস্কারকাজের বকেয়া অর্থ উত্তোলনের জন্য অন্য কয়েকটি প্রতিষ্ঠানের নামে ভুয়া বিল-ভাউচার ও পেপার টেন্ডার সাজানোর অভিযোগ উঠেছে।

অভিযোগে যেসব প্রতিষ্ঠানের নাম এসেছে, সেগুলো হলো — মেসার্স মাদার কনস্ট্রাকশন, মেসার্স কে পি বিল্ডার্স, মেসার্স পিপন কনস্ট্রাকশন, মেসার্স ওয়ারিসা এন্টারপ্রাইজ, মেসার্স মা এন্টারপ্রাইজ এবং মেসার্স আরিফ বিল্ডার্স। এই অর্থ উত্তোলনের প্রক্রিয়ায় দপ্তরের হিসাবরক্ষক মো. শহিদুর রহমানের সহযোগিতার অভিযোগও আনা হয়েছে।

এসব অভিযোগের কেন্দ্রে রয়েছেন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম। তাঁর বিরুদ্ধে ঘুষ, কমিশন বাণিজ্য, টেন্ডার নিয়ন্ত্রণ, ঠিকাদারদের হয়রানি, সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং দপ্তরে প্রশাসনিক বিশৃঙ্খলা তৈরির অভিযোগ উঠেছে।

২৪ জন ঠিকাদার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের কাছেও জমা পড়েছে একাধিক গুরুতর অভিযোগ। ঠিকাদারদের অভিযোগে বলা হয়েছে, নির্বাহী প্রকৌশলীর নির্ধারিত কমিশন না দিলে ঠিকাদারদের বিল পরিশোধে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হয়। কোনো কাজ শতভাগ সম্পন্ন হলেও কমিশন না দিলে সংশ্লিষ্ট বিলের ফাইলে স্বাক্ষর হয় না বলে অভিযোগ তাঁদের।

অভিযোগে আরও বলা হয়েছে, কিছু ক্ষেত্রে মাঠপর্যায়ে কাজের দৃশ্যমান অগ্রগতি না থাকলেও কাগজে-কলমে অগ্রগতি দেখিয়ে বিল উত্তোলনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়। এমনকি কাজের জামানতের টাকা ফেরত পেতেও অতিরিক্ত অর্থ দিতে হয় বলে অভিযোগ করেছেন ঠিকাদাররা।

প্রতিবাদ করলে চলমান প্রকল্পের বিল আটকে দেওয়া এবং কাজের সাইটে নানা অজুহাতে ত্রুটি বের করে হয়রানি করার আশঙ্কায় অনেক ঠিকাদার প্রকাশ্যে কথা বলতে সাহস পান না। এ কারণে কয়েকজন ঠিকাদার ছদ্মনামে তাঁদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

দরপত্র প্রক্রিয়ায়ও ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠে এসেছে। অনুসন্ধানে পাওয়া তথ্যমতে, অনেক ক্ষেত্রে দরপত্রের শর্ত এমনভাবে নির্ধারণ করা হয়, যাতে নির্দিষ্ট কিছু ঠিকাদারই সুবিধা পায়। প্রকৃত প্রতিযোগী ঠিকাদারদের দরপত্রে কৃত্রিম কারিগরি ত্রুটি দেখিয়ে বাতিল করা হয় — এমন অভিযোগও রয়েছে। এক ঠিকাদার বিএইচএস নিউজকে বলেন, “আগেই ঠিক করে দেওয়া থাকে কে কাজ পাবে। দরপত্র শুধু আনুষ্ঠানিকতা।”

অভিযোগকারীদের দাবি, মেসার্স মোমেন সিকদার, মেসার্স মা এন্টারপ্রাইজ, ইউনুস অ্যান্ড ব্রাদার্স এবং মেসার্স রাফিদ ট্রেডার্সের নামে প্রায় ৩২ কোটি টাকার কারিগরি স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প এবং বরিশাল নগরীর বরিশাল কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণকাজের বড় বড় দরপত্র নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ছাড়া ২০২৬ সালের ৭ অক্টোবর বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের ১ কোটি ৩৭ লাখ টাকার একটি পূর্তকাজ মেসার্স মাদার কনস্ট্রাকশন নামের প্রতিষ্ঠানকে দেওয়ার বিষয়টিও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের পরিধি আরও বিস্তৃত হয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. তারেক আনোয়ার জাহেদীকে ঘিরে। দুদকে দেওয়া অভিযোগে দাবি করা হয়েছে, নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের কথিত দুর্নীতির সিন্ডিকেটে দপ্তরের স্থানীয় কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর ব্যবসায়িক অংশীদারত্বের তথ্যও রয়েছে।

দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগের প্রতিবাদ করতে গিয়ে ঠিকাদারদের মানববন্ধনেও বাধার মুখে পড়ার ঘটনা ঘটেছে। ২০২৬ সালের ২২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে নগরীর ভাটার খাল এলাকায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের সামনে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন করেন ক্ষুব্ধ ঠিকাদাররা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, কর্মসূচি শুরুর কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয়ে ঠিকাদার মোমেন সিকদার ও তাঁর সঙ্গে থাকা লোকজন মানববন্ধনে অংশগ্রহণকারীদের হুমকি দেন এবং একপর্যায়ে আন্দোলনকারীদের হাত থেকে ব্যানার ছিনিয়ে নেন।

দপ্তরের আর্থিক অনিয়মের অভিযোগের পাশাপাশি প্রশাসনিক শৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠেছে। ২০২৬ সালের ১৩ সেপ্টেম্বর রোববার দুপুর ১২টার দিকে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে গিয়ে অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে পাওয়া যায়নি। বিভিন্ন কক্ষ ছিল ফাঁকা। পরবর্তী সময়ে হাজিরা খাতা পর্যালোচনা করে কয়েকজন কর্মকর্তার একাধিক কর্মদিবস অনুপস্থিত থাকার তথ্য পাওয়া যায়। হাজিরা খাতার তথ্য অনুযায়ী, সহকারী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান চার থেকে পাঁচ কার্যদিবস, সহকারী প্রকৌশলী মো. আবির হাসান দুই কার্যদিবস, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. আফজাল হোসেন পাঁচ কার্যদিবস, উপসহকারী প্রকৌশলী আশিকুর রহমান দুই কার্যদিবস এবং উপসহকারী প্রকৌশলী সাদিয়া সুলতানা জেবা দুই কার্যদিবস অনুপস্থিত ছিলেন।

নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারকে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত বছরের ২৯ নভেম্বর ফারুক হোসেন নামে এক ঠিকাদারকে মুঠোফোনে গালিগালাজ ও হুমকি দেন শহিদুল ইসলাম। এর পরদিন ৩০ নভেম্বর বরিশাল কোতোয়ালি মডেল থানায় এ ঘটনায় লিখিত সাধারণ ডায়েরি (জিডি নং-২০৭৬) করেন ওই ঠিকাদার।

বরিশালের সচেতন নাগরিক সাকিল আহম্মেদ নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে দুদক চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করেছেন। অভিযোগে তিনি বিশেষভাবে তিনটি বিষয়ে অনুসন্ধানের দাবি জানিয়েছেন — নিয়োগ প্রক্রিয়া, শত কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ এবং মানববন্ধনে হামলা ও ভয়ভীতি। সাকিল আহম্মেদ বিএইচএস নিউজকে বলেন, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তিনি দুর্নীতির বিভিন্ন তথ্য-প্রমাণ দুদকের কাছে জমা দিয়েছেন। তিনি আশা করেন, কমিশন নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে অভিযুক্ত কর্মকর্তা ও তাঁর কথিত সিন্ডিকেটের প্রকৃত চিত্র প্রকাশ করবে।

এতসব অভিযোগের বিষয়ে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। কতিপয় স্বার্থান্বেষী ঠিকাদার নিয়মবহির্ভূত সুবিধা না পেয়ে তাঁর বিরুদ্ধে কাল্পনিক ও অপপ্রচারমূলক অভিযোগ তুলছেন। তাঁর দাবি, দপ্তরের প্রতিটি প্রকল্প সরকারি বিধিমালা মেনে স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে। তদন্ত হলে প্রকৃত সত্য প্রকাশিত হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, অভিযোগগুলোর সত্যতা নির্ধারণের দায়িত্ব সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার। তবে সরকারি অর্থের প্রতিটি টাকার হিসাব নিশ্চিত করা এবং সরকারি দপ্তরে জবাবদিহি প্রতিষ্ঠা করা রাষ্ট্রের দায়িত্ব। শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয় এবং দুর্নীতি দমন কমিশনের নিরপেক্ষ তদন্ত জরুরি বলে মনে করছেন তাঁরা।